যে মানুষটি মানচিত্রের ভেতর হাঁটেন
মাঝরাতে মানচিত্র খুললে এক আশ্চর্য ঘটনা ঘটে —সীমানাগুলো একটু কেঁপে ওঠে। নদীগুলো জেগে ওঠে। আর গ্রামগুলোর ওপর দিয়ে একটি পরিচিত ছায়া যেন হেঁটে যায়। কেউ তাকে থামায় না।কারণ সবাই জানে—তিনি শুধু কোনো মানুষ নন। তিনি একটি স্বপ্নের হাঁটাচলা।
এভাবে কখনো তিনি দাঁড়ান কৃষকের উঠোনে। কখনো স্কুলের জানালায়। আবার কখনো কোনো শিশুর খাতার পাশে। শিশুটি ঘুমিয়ে থাকলে তিনি তার স্বপ্নে একটি সবুজ মাঠ এঁকে দেন। এরপর সকালে শিশুটি যখন ঘুম থেকে উঠে—দেখে, খাতার পাতায় অদ্ভুতভাবে একটি লাল সূর্য আঁকা।সে জানে না কে এঁকেছে।
শুধু বাংলাদেশের আকাশ সেদিন একটু বেশি নীল থাকে। আর বাতাস —বাতাস যেন দূর অতীত থেকে একটি নাম বয়ে আনে: “বঙ্গবন্ধু”।
—এ কে এম আব্দুল্লাহ
১৪ আগস্ট ২০২৬

